জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পঞ্চগড় প্রতিনিধি-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকার মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির উপাধ্যক্ষ (অবঃ) মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় অন্যাদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সূফী, জেলা প্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামী আমির জয়নাল আবেদীন, ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর এলাকার তেতুঁলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেয়া, পঞ্চগড়ে জামায়াতের আমিরের আগমনে স্বাগত জানানোর শ্লোগান দেয়া হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































